সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারি বরাদ্দে নির্মিত পাবলিক টয়লেট ভেঙে নির্মাণ করা বিএনপি কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে অভিযান চালিয়ে স্থাপনাটি দখলমুক্ত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরজুবিলী ইউনিয়নের দীঘি বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ব্যবহারের জন্য প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছিল।
সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী ওই সরকারি শৌচাগারটি ভেঙে সেখানে দুটি ঘর নির্মাণ করেন। পরে ঘরগুলো দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে সাইনবোর্ডও টাঙানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
পরে বিষয়টি জানতে পেরে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থলে যান।
তাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা স্থাপনাটি ভেঙে জায়গাটি দখলমুক্ত করেন।
এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, সরকারি বা জনস্বার্থের জায়গা দখল করার সুযোগ কারও নেই। দলীয় পরিচয়ের অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দখলমুক্ত করা স্থানে পুনরায় জনসাধারণের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে।