সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযানে সাংবাদিকদের হাত বাড়িয়ে দিল বিএমএসএফ

 

মোঃআনজার শাহ

দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের স্বার্থে ও সাধারণ মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ চিরকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আগামী ২৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নয়নে সাংবাদিকদের সম্পৃক্ত করার একটি প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে বিএমএসএফ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারি হাসপাতাল দেশের জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে সারাদেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিএমএসএফের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক রয়েছে। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, যথাযথ পরিকল্পনা, সমন্বয় ও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ৬০০ সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনা করেন।

তারা আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত দায়িত্ব। দেশের মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *