আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু খাদ্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযান পরিচালনাকালে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়া সহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে ‘রফিক চানাচুর’ নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় রফিক চানাচুর কারখানার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্পের সদস্যরা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।