স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া ১১০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার ও সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে সহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং সহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের একটি কালো রঙের ১১০ সিসির হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকেই চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।