সাপাহারে শিক্ষার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার:

নওগাঁর সাপাহারে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেন তারা।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভিওইল গ্রামবাসীর উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ভিওইল স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে প্রতিষ্ঠানের বাইরে সময় কাটান। আবার অনেক শিক্ষক যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল না হওয়ার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। কিন্তু নিয়মিত পাঠদান না হলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা, নিয়মিত ক্লাস নেওয়া, শিক্ষার মান উন্নয়ন এবং পরীক্ষার ফলাফল ভালো করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠানের সার্বিক অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান তারা। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘চলতি বছর কলেজের জেনারেল ও ভোকেশনাল—দুটি শাখা থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের উপযোগী পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *