সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও তেলের ডিপোতে নিয়মিতভাবে তদারকি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানাটি তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *