সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ১০ কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাঞ্জু (৩০), মো. কাউসার (২০), মো. আলমগীর হোসেন (৪২), মো. জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪), হেলেনা আক্তার (৪০), আসমা বেগম (৩৮) ও আলী নূর (৫২)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *