সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কারবারি গ্রেফতার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা ও নগদ টাকা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকাসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাঞ্জু ওরফে সঞ্জু (৩০), মোঃ কাউসার (২০), মোঃ আলমগীর হোসেন (৪২), মোঃ জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪), হেলেনা আক্তার (৪০), আসমা বেগম (৩৮) এবং আলী নূর (৫২)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ধৃতদের কাছ থেকে ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *