সিরাজগঞ্জে গরিব মানুষের চিকিৎসায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ফয়সাল হাসান মাহমুদ

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ বলেছেন, অনেকেই টাকা-পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেন না বা সঠিক চিকিৎসা নিতে পারেন না। কিন্তু তাদের পাশে আগেও আমি এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, এখনো আছে। এমন যারা আছেন তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। আমি এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থাকতে সিরাজগঞ্জের কেউ বিনা চিকিৎসায় ভুগবেন না। যেহেতু আমি মেডিকেল কলেজ হাসপাতাল চালাই তাই আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা। তারা টাকার অভাবে চিকিৎসা নিতেই ভয় পায়। তাই আমি বলবো— আপনার যদি ওষুধ কেনার টাকা থাকে তাহলে আমরা আপনাকে ফ্রি চিকিৎসা দিব।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদের আয়োজনে মিরপুর হার্ড ফাউন্ডেশন এলাকায় অনুষ্ঠিত নিম্ন আয়ের ও সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর উদ্বোধন শেষে চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফয়সাল হাসান মাহমুদ বলেন, আমার ফুফা-ফুফু হাসপাতালটি বানিয়েছেন। তারা সবসময়ই চান যে— আমরা টাকা চাই না, কিন্তু আমার দেশের মানুষ যেন চিকিৎসাসেবা পায়। তিনি বলেন, আমি এক মাসের মধ্যে পুরো সিরাজগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা দিব। যেন তারা আমাকে চিনেন এবং আমার দরজা পর্যন্ত যেতে পারেন।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নারী-পুরুষরা বলেন, এখন একজন ভালো ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। এরপর আবার বিভিন্ন টেস্ট ও ওষুধ দিয়ে সেই টাকার পরিমাণ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এদিকে হাতের কাছে তারা ভালো ডাক্তার পেলেন। নারীরা পেলেন তাদের জন্য সেবা দেওয়ার বিশেষজ্ঞ ডাক্তার। এতে তারা তাদের অনেক স্বাস্থ্য সমস্যাগুলো মন খুলে বলতে পারলেন এবং সেই অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধও ফ্রিতে পেলেন। এতে তারা ব্যাপক উপকৃত হওয়ার পাশাপাশি দারুণ আনন্দিতও।

ক্যাম্পে সেবা দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, আমরা নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এসেছি। এখানে গর্ভবতী মা ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষদের অসুস্থতা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের যেমন ডায়াবেটিস শনাক্ত হচ্ছে যা তারা জানতেনই না। এমন অনেক সমস্যার অনেককেই চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হচ্ছে, যে ওষুধগুলো খেলে তারা আপাতত সুস্থ থাকবেন। এরপর আবার অসুস্থতা বোধ করলে হাসপাতালে গেলেই তাদের আবার চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিরপুর এলাকার প্রায় ৫০০ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *