সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২টি মিশুক

খসরু মৃধা:

গাজীপুর থেকে চুরি হওয়া মিশুক গাড়ি সিলেটে নিয়ে বিক্রির চেষ্টাকালে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সিলেট জেলার বিশ্বনাথ থানার তবলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া দুটি মিশুক গাড়ি ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মো. এমরান হোসেন (৩৪)। তিনি নোয়াখালীর চাটখিল থানার মনোহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের পূবাইলের তালটিয়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পূবাইল থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সিলেটের বিশ্বনাথে অভিযান পরিচালনা করে। রাত ১টা ৪৫ মিনিটে এমরানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি কাঁচা রাস্তার পাশ থেকে চুরি হওয়া গাড়ি দুটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে তার সহযোগীদের নিয়ে বাদীর গ্যারেজ থেকে গাড়ি দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় লুকিয়ে রাখে। পরে পুলিশের নজর এড়াতে পিকআপ ভ্যানে করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *