নাবিন আহমেদ:
সিলেটে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তাঁর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে গঠিত একটি ভ্রাম্যমান মেডিকেল টিম সিলেট মহানগরের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘুরে ঘুরে ঘরে ঘরে চিকিৎসা সেবা প্রদান করছে। এই উদ্যোগকে স্থানীয়ভাবে সিন্দাবাদের গল্পের সঙ্গে তুলনা করছেন অনেকেই।
সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরের সৌজন্যে পরিচালিত এই মেডিকেল কার্যক্রমে নগরীর দরিদ্র, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভ্রাম্যমান মেডিকেল টিম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। তারা জানান, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই মেডিকেল টিমে রয়েছেন ওয়েসিস হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ফিন্যান্স ডিরেক্টর ডা. সুলাইমান আহমেদ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ঢাকা ডেন্টাল কলেজ ড্যাবের জয়েন্ট সেক্রেটারি ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন। এছাড়াও চিকিৎসা সেবায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ শাখার সভাপতি ইজাজ শাফিন চৌধুরী, ডা. আব্দুল মতিন মিজান, ডা. শাহরিয়ার শহিদ আসাদ, ড্যাব ডেন্টালের ডা. এজাজ আহমেদ রানা, পঞ্চম বর্ষের শিক্ষার্থী রেদোওয়ান হক রাহী, এহসানুল মাহবুবসহ আরও অনেকে।
এই ক্যাম্পের বিশেষত্ব হলো—এটি কোনো সাময়িক বা নির্বাচনী কার্যক্রমে সীমাবদ্ধ নয়। উদ্যোক্তা রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, সিলেটবাসীর সেবায় এই ভ্রাম্যমান মেডিকেল টিম আজীবন কাজ করে যাবে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে এবং ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনীতির পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।