সে কখনো হতাশ করে না’—আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস ছড়ালেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক ::

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছন্দ ধরে রাখল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা জয় নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। দলের এই দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।

অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির একটি ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

অভিনেতা তৌসিফ মাহবুব মেসির ফ্রি-কিকের দুর্দান্ত গোলের প্রশংসা করে লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’

অভিনেত্রী নাদিয়া আহমেদ, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই আর্জেন্টিনার জয় উদযাপন করে লিখেছেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ইরফান সাজ্জাদ সমালোচকদের ব্যঙ্গ করে লেখেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টির থেকেও ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনও মজার ভঙ্গিতে লিখেছেন, ‘আচ্ছা যাও, তোমরা যা বলবা, তা-ই। আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি কিক কেনে। ফাউল করার জন্য তারা বিরোধী দলের খেলোয়াড়দেরও টাকা দেয়। এখন রাজুতে গিয়ে আন্দোলন কর, বয়কট ফিফা। ঠিক আছে?’ একই সঙ্গে তিনি জর্ডানের আল তামারির গোলেরও প্রশংসা করেন।

ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি অভিনেতা আব্দুন নূর সজল। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা মেসিকে নিয়ে লেখেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’

অন্যদিকে, ছোট পর্দার অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে বিজয়সূচক ভঙ্গিতে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

আর্জেন্টিনার টানা জয়ের ধারাবাহিকতায় যেমন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের সাফল্য উদযাপনে সরব হয়ে উঠেছেন দেশের জনপ্রিয় তারকারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *