বাবলু শেখ:
রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বিকেল ৪টায় গুরুর বাড়ি কিডস কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬”। প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের সরাসরি অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
শারীরিক দুর্বলতার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক, আমি’র খোঁজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় “লার্ন টুডে লিড টুমরো” প্রতিপাদ্যকে সামনে রেখে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।
শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও বর্ণিল। কৃতী শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জনতা বাংলাদেশ-এর চেয়ারম্যান ও জাগ্রত ব্যবসায়ী শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসেন, খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভুঁইয়া এবং বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা।
এছাড়া গুরুর বাড়ির সিইও প্রফেসর ড. শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন এবং পিআরও সালাহউদ্দিন খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য মো. সোলাইমান, এফ এইচ সবুজ, বাবলু শেখ, মোক্তার হোসেন, খান রাসেল শিশির ও কো-অর্ডিনেটর হাসানসহ সংশ্লিষ্টরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সেক্রেটারি ট্রুপ-২১ ওপেন স্কাউট গ্রুপ।
পুরস্কার বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যাদু প্রদর্শন করেন যাদুরাজ বিপ্লব।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া, মোক্তারসহ রেডিও ও টেলিভিশনের শিল্পীরা।
রাত ১০টায় করতালির মধ্য দিয়ে গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রথম আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সুমন চৌধুরী।