সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই থানার কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর থানার ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আষারিয়ারচর চেকপোস্টের সামনে সড়কে অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাঁদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। ব্যাগগুলোর একটিতে ৪ কেজি, অন্যটিতে ৩ কেজি এবং তৃতীয়টিতে ২ কেজি গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *