আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে জরুরি সতর্কতা জারি করার পর তা দ্রুত প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ‘জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থা’র মাধ্যমে এ সতর্কতা জারি করে। এ সময় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয় এবং নিরাপদ থাকতে প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নাজরান শহরে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহর থেকেও একইভাবে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
তবে কী কারণে এই আগাম সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানায়নি। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার কারণে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার খবর দিয়েছে।
তবে আভা ও নাজরানে জারি করা সর্বশেষ সতর্কতার সঙ্গে হুথিদের কোনো হামলার যোগসূত্র রয়েছে কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।