সৌদির নাজরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরানে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রোববার (১৮ অক্টোবর) সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, এএইচ-৬আই মডেলের হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

এর আগে শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে দাবি করেন, তাঁদের যোদ্ধারা সৌদি আরবের নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তাঁর দাবি, হেলিকপ্টারটি হুথিদের ওপর হামলা চালাচ্ছিল।

হুথি মুখপাত্রের ওই দাবির প্রায় এক দিন পর সৌদি আরবের পক্ষ থেকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানানো হলো। তবে সৌদি কর্তৃপক্ষ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করেনি।

এদিকে হুথি মুখপাত্রের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবির জবাবে তুর্কি আল-মালিকি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি বলেন, “আপনি দাবি করেছেন, আপনারা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধে যুক্ত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *