সৌদির নিরাপত্তায় পাশে থাকার ঘোষণা পাকিস্তানের, সক্রিয় প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ আওতায় রিয়াদের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতিও সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে নওমান মাহমুদ প্রধানমন্ত্রীকে জোটের কাঠামোর আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

হুথিদের হামলার প্রেক্ষাপটে প্রতিরক্ষা সহযোগিতা

চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। একই সঙ্গে দ্রুত সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো।

শাহবাজ শরিফের এই অঙ্গীকারের মধ্য দিয়ে সৌদি আরবের নিরাপত্তা প্রশ্নে পাকিস্তানের সমর্থনের অবস্থান আবারও স্পষ্ট হলো। তবে প্রতিরক্ষা জোটের আওতায় সেনা মোতায়েন বা অন্যান্য পদক্ষেপের বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *