মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা এখন একটি অভিশপ্ত পর্যায়ে পৌঁছেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। নগরবাসীর স্বার্থে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শহরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
রোববার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নাসিক প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
এ সময় সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন মিলন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব।
শহরকে যানজটমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলতে হলে ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। হকারদের জন্য নির্দিষ্ট স্থান বা বিকল্প ব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে রাস্তার ওপর কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হকার উচ্ছেদ ও শহরের শৃঙ্খলা ফেরাতে আপনাদের লেখনী ও সহযোগিতা একান্ত কাম্য। আপনারা জনদুর্ভোগের চিত্র তুলে ধরলে আমাদের কাজ করতে সুবিধা হবে।
ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সমস্যা ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। এ সময় প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধানের আশ্বাস দেন।