মোঃ সোলাইমান:
হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় বন্দুক, দা ও কুড়ালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ, এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রূপন নাথ ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযানের সময় পশ্চিম ধলই এলাকার বাসিন্দা মো. এরশাদ (২৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২নং ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃত এরশাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
-
৩টি কাঠের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক
-
১টি লোহা ও প্লাস্টিক বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক
-
১০ রাউন্ড সাদা রঙের বন্দুকের কার্তুজ
-
২টি কাঠের বাটযুক্ত দা
-
৪টি দেশীয় কুড়াল
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে হাটহাজারী মডেল থানার হাজতখানায় রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা নং-১১, ধারা The Arms Act 1878, 19A/19(f) অনুযায়ী রুজু করা হয়েছে।
হাটহাজারী থানার আভিযানিক টিম জানায়, অভিযানের সময় এরশাদের সহযোগী অপর আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।