কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর থানাধীন এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে এবং ৮ জন দগ্ধ হন।
তিনি আরও জানান, আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে আসে ভোর ৪টা ১৫ মিনিটে। দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন।