হাসপাতালে ‘জাতীয় কাকা’খ্যাত অভিনেতা রিফাত চৌধুরী, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার

বিনোদন ডেস্ক:

আশির দশকের কবি ও বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার ব্যয়ভার বহন নিয়ে পরিবার উদ্বিগ্ন। এ অবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে সহকর্মী, বন্ধু, শিল্পী, সাহিত্যাঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

রিফাত চৌধুরী অভিনয়জীবন শুরু করেন নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মাধ্যমে। তবে তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ বাঁক আসে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এ অভিনয়ের মাধ্যমে। এই নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন রিফাত চৌধুরী। ‘মেহেরজান’ সিনেমাতেও তাকে দেখা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও পরিচিত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা যায়।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ ও ‘আমি একজন ভৌগোলিক’সহ আরও বেশ কিছু বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *