স্পোর্টস ডেস্ক:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে ১ অক্টোবর থেকে ব্যালট প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ সূচি প্রকাশের পাশাপাশি শুরু হবে টিকিটের এই ব্যালট কার্যক্রম।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকিটের জন্য বিশ্বের যেকোনো প্রান্তের সমর্থকরা ব্যালটে অংশ নিয়ে নিজেদের আগ্রহ নিবন্ধন করতে পারবেন।
টিকিট ব্যালটে অংশ নিতে কোনো অর্থ দিতে হবে না। এটি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে পরিচালিত হবে না। ১ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে জমা পড়া সব বৈধ আবেদন সমানভাবে বিবেচনা করা হবে। ফলে আবেদন করার সময়ের ওপর টিকিট পাওয়ার সুযোগ নির্ভর করবে না।
যেভাবে কাজ করবে ব্যালট
সমর্থকরা নিজেদের পছন্দ অনুযায়ী যত খুশি ম্যাচের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি ম্যাচের জন্য আলাদা আবেদন হিসেবে বিবেচনা করা হবে। আবেদনের সময় পছন্দের টিকিট ক্যাটাগরি নির্বাচন করা যাবে এবং প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট চাওয়া যাবে।
কোনো ম্যাচের টিকিটের চাহিদা উপলব্ধ টিকিটের সংখ্যার চেয়ে বেশি হলে লটারিভিত্তিক ব্যালটের মাধ্যমে নির্ধারণ করা হবে কারা টিকিট কেনার সুযোগ পাবেন।
ব্যালটে আবেদন করার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। যারা টিকিট কেনার জন্য নির্বাচিত হবেন, তাদের ইমেইলের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ পাওয়া টিকিট কিনতে হবে।
অন্যদিকে, কোনো ম্যাচে টিকিটের চাহিদা উপলব্ধ সংখ্যার বেশি না হলে নিবন্ধিত সমর্থকরা সরাসরি টিকিট কেনার সুযোগ পাবেন। অবিক্রিত টিকিট পরবর্তী বিক্রয় ধাপে উন্মুক্ত করা হতে পারে।
তবে ব্যালটে আবেদন করলেই টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকবে না। অতিরিক্ত চাহিদা থাকা ম্যাচগুলোর ক্ষেত্রে লটারিভিত্তিক প্রক্রিয়াতেই টিকিট কেনার যোগ্য আবেদনকারী নির্বাচন করা হবে।
২০২৭ বিশ্বকাপে ১৪টি দল ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচে অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ আসর।