নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছিল দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়ের দিন। তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ, বিজয় এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দিন। তার ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার দেশ ছাড়তে বাধ্য হয় এবং দেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে।
তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, অপহরণ, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে বিচারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয় বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক, কৃষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নারীসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন এবং হাজারো পরিবারের জীবনে নেমে আসে শোকের ছায়া।
বাণীতে তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, তবে সেই ভিন্নমত যেন বিভেদ বা শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তার মতে, রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
বাণীর শেষাংশে তিনি বলেন, “১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১-এর শহীদদের যেমন বাংলাদেশ কখনো ভুলবে না, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগও জাতি চিরদিন স্মরণে রাখবে।”