অপ্রতিম হত্যার বিচার চেয়ে মহাসড়কে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেন। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’—ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫ মিনিট) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। দুই পাশে যানজট বৃদ্ধি পাচ্ছে। তারা অবরোধ সরিয়ে নিলে যানজট কমে যাবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। পরে বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করে এসআরবি। ধারণা করা হচ্ছে, আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার বিষয়ে রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গন্ধমতি এলাকায় বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *