মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে একটি শটগান উদ্ধার হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে নিশ্চিত হয়, এটি আড়াইহাজার থানা থেকে পূর্বে লুণ্ঠিত একটি সরকারি শটগান।
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে আড়াইহাজার থানার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিংগারপুর এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম (৪৬), পিতা- মরহুম মোহাম্মদ আলী, নিজ মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে একটি শটগান উঠে আসে। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনকে অবহিত করেন।
খবর পেয়ে ওসির নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া অস্ত্রটি আড়াইহাজার থানা থেকে পূর্বে লুণ্ঠিত শটগান, যার বাট নম্বর ৬৫১।
পরবর্তীতে জিডি মূলে পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে পুকুরে এল এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অস্ত্রটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।