মোঃ মাহমুদুল হাসান:
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার, সবার জন্য সেই বিচার নিশ্চিত করতে চাই—বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর বলেন, ন্যায় বিচার যখন কায়েম হবে, তখন এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদের ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। জামায়াত আমীর আরও বলেন, মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জও তার গর্বিত অংশীদার। বিগত ৫৪ বছর এ দেশের মানুষ শাসন আর অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরোনো রাজনীতির বন্দোবস্ত আর দেখতে চায় না।
এ সময় যুবকদের উদ্দেশ্যে আমীর বলেন, আমরা তোমাদের হাতে অপমানের বেকার ভাতা নয়, প্রতিটি হাত দক্ষ করে গড়ে তুলব। মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। তোমরাই দেশ গড়বে, তৈরি হয়ে যাও। তোমাদের হাতে দেশের ভার তুলে দিতে চাই। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা, আমরা বসব প্যাসেঞ্জার সিটে। এ দেশ তারা রকেটগতিতে সামনের দিকে এগিয়ে নেবে।
নারীদের উদ্দেশ্যে জামায়াত আমীর বলেন, আপনাদের দুটি বিষয় নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে অধিকার ও মর্যাদা। আরেকটি হলো নিরাপত্তা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বক্তব্য শেষে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবুজার গিফফারীর সভাপতিত্বে সমাবেশে সে সময় উপস্থিত ছিলেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এম. এম. ফরহাদসহ জামায়াত ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।