স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস মঙ্গলবার রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণার সময় নির্বাচনী বিতর্ক ও অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটিই আমার দোষ। এটাকে তারা হুমকি হিসেবে দেখছে। কোথায় কি হয়ে যায়, সব দোষ আমার।”
মালিবাগ গুলবাগে ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় তিনি আরও বলেন, “আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু এবং আত্মীয়স্বজন আছে। আমার ভক্তদের সংখ্যা অনেক, তোমাদের আত্মীয়স্বজনের তুলনায়।” মির্জা আব্বাস আরও বলেন, যে যতই কথা বলুক, আমি তাদের ফাঁদে পা দেব না। “আমার ভোট চাইবো, তুমিও ভোট চাও। এলাকার জন্য কি করেছো আর কি করবে তা বলো। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন।”
তিনি শাহজাহানপুর মালিবাগ ১ম লেন থেকে মৌচাক মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত গণসংযোগ করেন। বিকেলে ১১নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনের নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, পরে আর পাওয়া যায় না। ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। আন্দোলন সংগ্রামের সময় এ এলাকার মানুষ সমর্থন দিয়েছে। পুলিশী হামলার সময় মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থী কি আন্দোলন করতে গিয়ে পালিয়েছে?” তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থীর কাজ শুধুই কুৎসা রটানো।
সাবেক মন্ত্রী বলেন, “আমি অনেকবার এমপি ছিলাম। কেউ খালি হাতে ফিরে যায়নি। যা পারি না, তার কখনও আশ্বাস দিইনি। মিথ্যা আশ্বাস দিই না। আমি ফেরেশতা নই, তবে কারও ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।”
তিনি উল্লেখ করেন, “কিছু মাছের পোনা এসেছে। এদের ঠিকানা কি? আমি জেলে গিয়েছি, এলাকার মানুষ আমার বাসায় সমস্যা সমাধানে এসেছে। আমার স্ত্রী ও কর্মকর্তারা সাহায্য করেছেন। আজকে কতজনকে সাহায্য করেছেন? কয়জনের জানাজা ও বিয়ের অনুষ্ঠানে গেছেন?”
চাঁদাবাজি অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “একজন বলছে চাঁদাবাজি কমালে লাল কার্ড দেখাবে। চাঁদাবাজি তো তারা করছেন। চাঁদাবাজদের কেন গ্রেফতার করা হচ্ছে না! ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে।”
তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন, “ভাব যেন বিএনপি ক্ষমতায়। আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে, বিএনপিকেও সেভাবে তাড়ানো হবে। দেশে অশান্তি পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে, সবকিছুর দোষ বিএনপির। বিএনপি কখনও বানের জলে ভেসে আসে নি।”
মির্জা আব্বাসের এসব বক্তব্যে স্পষ্টভাবে প্রার্থী তার জনপ্রিয়তা, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তুলে ধরেন।