আমি প্রতারণা করিনি, ঘটনার পেছনেও অনেক ঘটনা ছিল’—নীরবতা ভাঙলেন প্রভা

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কখনোই কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। বরং ঘটনার অন্তরালে থাকা বাস্তবতা অনেকেরই অজানা বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

পডকাস্টে প্রভা বলেন, “আমাকে অনেকেই বলেন, আমি বিশ্বাসভঙ্গ করেছি। কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই—আমি কোনো বিশ্বাসভঙ্গ করিনি। প্রতিটি ঘটনার পেছনেই আরও অনেক ঘটনা থাকে, যা সবাই জানে না।”

তিনি জানান, বিয়ের আগে প্রায় ১৫ থেকে ২০ দিন তিনি নিজের পরিবার এবং যার সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, উভয় পক্ষকেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ানোর বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন।

প্রভার ভাষায়, “আমার একটা ভয় কাজ করছিল। তাই আমি পরিবার এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল—দু’পক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি, যেন বিষয়টি বিয়ে পর্যন্ত না যায়।”

অভিনেত্রী আরও বলেন, সে সময় দুই পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। তাঁর পরিবারও প্রথমদিকে সম্পর্কটির বিরোধিতা করেছিল। কারণ, ছেলেটি একটি ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছিল, যা সে সময় পরিবারের কাছে বড় একটি বিষয় ছিল।

তিনি বলেন, “এখন আমরা দেখি, অনেকেই ব্রোকেন ফ্যামিলি থেকে এসেও খুব ভালো মানুষ হয়েছে। কিন্তু তখন বিষয়টি সবাই সেভাবে দেখেনি।”

এনগেজমেন্ট ভেঙে যাওয়ার প্রসঙ্গে প্রভা বলেন, একটি বাগদান ভেঙে দেওয়া মোটেও সহজ ছিল না। তাঁদের সম্পর্কে প্রায় ৯ থেকে ১০ মাসের দূরত্ব তৈরি হয়েছিল, যার মধ্যে ব্রেকআপ ও প্যাচআপের মতো পরিস্থিতিও ছিল।

তিনি বলেন, “আমার জীবনে পরে যা কিছু হয়েছে, তা আমি লুকাইনি। আমার লয়ালিটির জায়গা থেকে আমি সবকিছু পরিষ্কারভাবে জানিয়েছি। এমন নয় যে একদিন হঠাৎ করে কাউকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি।”

সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, নিজের অবস্থান ব্যাখ্যা করার তেমন প্রয়োজন তিনি অনুভব করেন না। কারণ যারা তাঁকে ভালোবাসেন, তারা তাঁর জীবনের কঠিন সময়গুলো সম্পর্কে জানেন।

তার ভাষায়, “আমি জানি, যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। আমি শুধু এটুকুই বলতে চাই—আমি প্রতারণা করিনি। এমনও হয়নি যে এক সকালে ফোন করে কাউকে জানালাম, কিংবা কেউ পত্রিকা খুলে দেখল আমি বিয়ে করে ফেলেছি।”

দীর্ঘদিনের বিতর্কের পর প্রভার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *