আমেরিকা থেকে কণ্ঠ, ঢাকায় কথা-সুরে নাজু আখন্দের নতুন গান

বিনোদন ডেস্ক:

দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন কণ্ঠশিল্পী নাজু আখন্দ। ‘যত্নের তানপুরা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজনের কাজ হয়েছে ঢাকায়। তবে শিল্পী নাজু আখন্দ বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় সেখান থেকেই গানের কণ্ঠ রেকর্ড করে পাঠিয়েছেন। পরে ঢাকায় সম্পন্ন হয়েছে গানটির বাকি কাজ।

বুধবার (২৬ আগস্ট) গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

‘যত্নের তানপুরাটা ভেঙে ফেলেছি/ আমি আর গান গাইবো না’—এমন আবেগঘন কথায় গানটি লিখেছেন রাজু চৌধুরী। এহসান রাহীর সুরে গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন সবুজ আশীষ। মিক্স ও মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। মনোরম লোকেশনে নির্মিত ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তানহাকে।

নতুন গান প্রসঙ্গে নাজু আখন্দ বলেন, “গান আমার রক্তের সঙ্গে মিশে আছে। অনেক দিন পর মৌলিক গান নিয়ে এলাম। আমি যে গানগুলোই করেছি, খুব যত্ন নিয়ে করেছি। এটিও তাই। এটি মেলোডি ধাঁচের গান। কথা-সুর যে কারও ভালো লাগবে। খুব আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।”

নাজু আখন্দের জন্ম ঢাকার সাভারে। স্কুলে পড়ার সময় ২০০০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’। এরপর ২০০৯ সালে ‘স্বপ্নকন্যা’, ২০১৩ সালে ‘একটু জায়গা দে’ এবং ২০১৫ সালে ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ নামে আরও তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি।

২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ গান দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হয় নাজুর। এরপর দুই দশকের বেশি সময়ে সিনেমায় প্রায় ২৫০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

২০১০ সালে সেরা গায়িকা হিসেবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেন নাজু আখন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *