নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
সাক্ষাতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
আলজেরিয়ায় পরিবেশবান্ধব ও পচনশীল পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়েও উৎসাহ দেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্বারোপ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত।