আলীকদম, বান্দরবান
বান্দরবানের আলীকদমে টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দ্বিতীয় দফায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আরও ৯০টি বন্যাকবলিত ও বাস্তুহারা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রথম ধাপে ত্রাণসামগ্রী থেকে বাদ পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্বিতীয় ধাপের এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৈক্ষ্যং মডেল উচ্চবিদ্যালয় মাঠে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণপ্রাপ্তদের মধ্যে চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলি মারমা পাড়ার ৫৩টি পরিবার, পশ্চিম রেফারপাড়া ১ নম্বর ওয়ার্ডের ২৭টি পরিবার এবং অন্যান্য অসহায় ও পথচারী ১০টি পরিবার রয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশের মানুষের দুর্যোগের সময় মানবিক সহায়তা নিশ্চিত করতে ৫৭ বিজিবি ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।