ইরানের হুঁশিয়ারি, বাহরাইনের ভূখণ্ড ব্যবহার হলে দেওয়া হবে জবাব

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর হামলার জন্য আবারও বাহরাইনের ভূখণ্ড ব্যবহার করা হলে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের মিশনের কূটনীতিক আলি কারিমি মাঘাম বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বাহরাইনের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জাতিসংঘের তৃতীয় কমিটির বৈঠকে বাহরাইনের এক কূটনীতিকের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

আলি কারিমি মাঘাম বলেন, বাহরাইন মানবাধিকারের কথা বললেও এসব ঘটনার পেছনের বিষয়গুলো উপেক্ষা করছে। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ যুদ্ধে’ বাহরাইন নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে।

ইরানি এই কূটনীতিক বলেন, প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার পর বাহরাইন এর পরিণতি নিয়ে বিস্ময় প্রকাশ করতে পারে না।

তিনি আরও বলেন, ইরান হামলা শুরু করেনি; বরং তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ কারণে ইরানের পালটা পদক্ষেপ ছিল আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ।

আলি কারিমি মাঘাম সতর্ক করে বলেন, এই অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড আবারও ইরানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হলে ইরান তার জবাব দেবে।

বাহরাইনের প্রতিনিধির উদ্দেশে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দুটি পথ খোলা রয়েছে—সবাই মিলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা অথবা সবাই মিলে অনিরাপত্তার পরিস্থিতি মোকাবিলা করা।

ইরানি কূটনীতিকের ভাষ্য, বাহরাইন এর আগে দ্বিতীয় পথ বেছে নিয়েছিল। তারা আবার একই পথ বেছে নিলে ভিন্ন কোনো ফল আশা করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *