আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও নিয়মকানুন উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ কার্যক্রম বন্ধের আহ্বানও প্রত্যাখ্যান করছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দাবি করেন, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যুক্তরাষ্ট্রের মতে, এই মাত্রার সমৃদ্ধকরণের কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।
মার্কিন রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশ এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হচ্ছে না। তার দাবি, ইরানের ধারাবাহিক নিয়ম লঙ্ঘনের কারণে দুই সপ্তাহ আগে আইএইএ’র বোর্ড অব গভর্নরস বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান পরিবর্তনের আহ্বান জানানো হলেও তেহরানের আলোচকেরা তা প্রত্যাখ্যান করে আসছেন।
তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈধ অধিকার।
ইরানি কর্মকর্তারা আইএইএ’র বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সংস্থাটির সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পশ্চিমা স্বার্থসংশ্লিষ্ট বলে দাবি করেছেন।