ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬-২০২৭ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ঈদগাঁও খালের রাবার ড্যাম ও বাঁশঘাটাসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংসিংনু মারমা। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর শুক্কুর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জন্য মৎস্যসম্পদের টেকসই ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।