আব্দুল আজিজ-আল মাক্কী:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া থানা’ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার আইনজীবীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
পৃথক থানা গঠনের দাবিতে থাকা ছয়টি ইউনিয়ন হলো—কালিয়াইশ, কেঁওচিয়া, বাজালিয়া, খাগরিয়া, ধর্মপুর ও পুরানগড়।
স্মারকলিপিতে বলা হয়, সাতকানিয়ার উত্তরাঞ্চলের এসব ইউনিয়নের বাসিন্দাদের আইনি ও প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় হয় এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।
আইনজীবীরা বলেন, উত্তর সাতকানিয়া থানা বাস্তবায়ন করা হলে ওই অঞ্চলের মানুষের জন্য প্রশাসনিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
স্মারকলিপি প্রদানকারী আইনজীবীরা জানান, পৃথক উত্তর সাতকানিয়া থানা গঠন উত্তরাঞ্চলের ছয় ইউনিয়নের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের যৌক্তিক দাবি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।