Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, বড় পরিসরে দ্বিতীয় দফায় পদোন্নতি - দৈনিক স্বাধীন সংবাদ

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, বড় পরিসরে দ্বিতীয় দফায় পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ কর্মকর্তা। সোমবার (১৭ আগস্ট) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাও রয়েছেন। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে এখনো কোনো আদেশ জারি করা হয়নি।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিসরে এটি দ্বিতীয় দফায় পদোন্নতি। এর আগে গত ৯ জুলাই ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার কর্মস্থলের নাম উল্লেখ থাকলেও এরই মধ্যে তার দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এ ছাড়া পরবর্তী সময়ে কোনো পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে জারি করা আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচনায় ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩১তম ব্যাচ। পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচে পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকেও অনেকে এবার উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির জন্য সিনিয়র সহকারী সচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে মোট অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি মূল্যায়ন নম্বরে (বেঞ্চমার্ক) অন্তত ৮৩ নম্বর অর্জনের শর্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *