এডওয়ার্ড কলেজ গ্রন্থাগারে ‘ছাত্র সংবাদ’ নিয়ে ছাত্রদলের আপত্তি

পাবনা প্রতিনিধি:

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের গ্রন্থাগারে রাখা ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিন নিয়ে আপত্তি জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল। সংগঠনটির নেতাকর্মীরা ম্যাগাজিনে গোলাম আযমের বইয়ের বিজ্ঞাপন সংবলিত পাতা ছিঁড়ে ম্যাগাজিনগুলো গ্রন্থাগারিকের কাছে জমা দেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের গ্রন্থাগারে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের এডওয়ার্ড কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, নিয়মিত পড়াশোনার জন্য তিনি গ্রন্থাগারে যান। এদিন কয়েকজন সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে গেলে গোলাম আযমের বইয়ের বিজ্ঞাপন সংবলিত বেশ কয়েকটি ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিন দেখতে পান।

তিনি জানান, বিষয়টি নিয়ে গ্রন্থাগারিক সুলভ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি ম্যাগাজিনগুলো কখন বা কারা রেখে গেছেন সে বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে ছাত্রদল নেতাকর্মীরা ম্যাগাজিনগুলো থেকে গোলাম আযমের ছবি সংবলিত বিজ্ঞাপনের পাতা ছিঁড়ে ফেলেন এবং ম্যাগাজিনগুলো গ্রন্থাগারিকের কাছে জমা দেন।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ‘ছাত্র সংবাদ’-এর ডিসেম্বর ২০২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শিরোনামের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের লেখা ও বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংক্রান্ত বিতর্কিত তথ্য উপস্থাপন করা হচ্ছে।

এ বিষয়ে গ্রন্থাগারিক সুলভ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ম্যাগাজিনগুলো কখন এবং কারা গ্রন্থাগারে রেখে গেছেন, তা তিনি জানেন না।

এ ঘটনায় শিবিরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসসহ পাবনায় আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *