মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলায় পৌরসভার বাজার কমিটির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করা এবং রাস্তা যানজটমুক্ত রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
সভার সিদ্ধান্ত বাস্তবায়নে বরুড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ নিজে সরাসরি মাঠে নেমে অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বলাকা পরিবহনের বাসে আকস্মিকভাবে দৃষ্টি পড়ে এক কিশোর চালকের ওপর, যিনি স্টিয়ারিংয়ে বসে ছিলেন। বয়স জানতে চাইলে তিনি নিজেকে ২৩ বছর বয়সী বলে দাবি করেন। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং জানান, তিনি কার্ডটি বাড়িতে রেখে এসেছেন। ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে তিনি একইভাবে জানান যে, লাইসেন্সও বাড়িতে রয়ে গেছে।
এ অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ বলেন, “এবারের জন্য তোমাকে সাধারণ ক্ষমা করা হলো। কিন্তু পরবর্তীতে এ ধরনের অবস্থায় দেখলে প্রশাসন কঠিনভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “বয়স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ গণপরিবহন পরিচালনা করতে পারবে না। এটি শুধু আইনের বিষয় নয়, বরং যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয়। আমরা চাই, প্রতিটি চালক বৈধ লাইসেন্স ও বয়সসীমা মেনে গাড়ি চালান। যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বা প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে গাড়ি চালান, তারা নিজের জীবন ও অন্যের জীবন দুটোই ঝুঁকির মুখে ফেলেন।”
আহসান হাফিজ পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর সুযোগ না দিয়ে বরং তাদের শিক্ষার দিকে মনোযোগী হতে উৎসাহিত করুন। প্রশাসন সবসময় সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় কাজ করে যাবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বরুড়া উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, এর ফলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়কে যাত্রী নিরাপত্তা আরও বাড়বে।