ক্রীড়া প্রতিবেদক:
জিডি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার আব্দুর রহিমের সামনে এখন অনিশ্চয়তা। ইনজুরির কারণে আসন্ন যুব এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তরুণ এই পেসারের।
আফগানিস্তান যুব সিরিজ ও যুব এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে। ২২ ক্রিকেটারকে নিয়ে আয়োজিত এই ক্যাম্পে ছিলেন রহিমও। তবে অনুশীলনের সময় ব্যাটিং করতে গিয়ে বাঁ হাতের কবজিতে বলের আঘাত পান তিনি।
জানা গেছে, রহিমের চোট বেশ গুরুতর। পুরোপুরি সুস্থ হতে দুই মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে আগামী মাসে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ওমান সফরে আফগান যুব দলের বিপক্ষে সিরিজের পরই যুব এশিয়া কাপের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার কথা রয়েছে দলটির।
রহিমের চোটের কারণে এখন যুব টাইগারদের পরিকল্পনায়ও পরিবর্তন আসতে পারে। তরুণ এই পেসার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।