করটিয়া সাদত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে ১ নং সহ-সভাপতি পদে রানার জয়

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলে করটিয়া সাদত বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১ নম্বর সহ-সভাপতি পদে মো. রায়হান আলী (রানা) নির্বাচিত হয়েছেন। শুক্রবার দিনভর যেন এক আনন্দঘন উৎসবের মাঠে পরিণত হয়েছিল। করটিয়া বণিক বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকা জমে উঠেছিল। এইচ এম ইনস্টিটিউট কলেজের সামনে ব্যানার, প্যান্ডেল, মাইক আর প্রার্থীদের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি নির্বাচনী পরিবেশকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে। ভোট শুরুর আগে থেকেই ভোটারদের স্বাগত জানাতে প্রার্থীদের কর্মী-সমর্থকরা নানা আয়োজন করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) এইচ এম ইনস্টিটিউট কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ২,৪৭৪ জন ভোটারের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পূর্ণ হয় শান্তিপূর্ণভাবে। ফলাফল ঘোষণার পর এলাকায় উল্লাস ছড়িয়ে পড়ে।

সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আজাদ সিদ্দিকী (মোরগ প্রতীক) ৬৭১ ভোট, মো. জামিল আকতার খান (মই প্রতীক) ৯০৮ ভোট, আশরাফুজ্জামান আশরাফ (মোটরসাইকেল প্রতীক) ৯৪৮ ভোট এবং মো. রায়হান আলী রানা (বটগাছ প্রতীক) ৯৮৪ ভোট পেয়ে ১ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে কামরুজ্জামান রিপন (গরুর গাড়ি) ১,১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ আলী (চেয়ার) পেয়েছেন ১,০৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব সায়মন তালুকদার (রাজীব) (দেয়াল ঘড়ি) ১,৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আঃ রশীদ (হরিণ) পেয়েছেন ৭০০ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দিন (রাজু) ও নাজমুল ইসলাম মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইন-বিচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহ্ শাহীন এবং হিন্দু ধর্ম সম্পাদক পদে মলয় চন্দ্র পালও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষক পদে শাহজাহান সিরাজ (দোয়াত-কলম) ১,০৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. হাসনাত জামিল (তালা-চাবি) পেয়েছেন ৯২৪ ভোট। দপ্তর সম্পাদক পদে খন্দকার হাসান জোহেব (সি.এন.জি) ১,২৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল হাসান (মাছ) পেয়েছেন ৬৬৩ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সজিব মিয়া (ফুটবল) ১,২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. লাল মিয়া (ক্রিকেট ব্যাট) পেয়েছেন ৭৩৮ ভোট। ইসলাম ধর্ম সম্পাদক পদে হাফেজ মো. জামাল মিয়া নির্বাচিত হন।

কার্যকরী পরিষদ সদস্য পদে মো. সাইদুর ইসলাম সানি (টিয়া পাখি) ১,১৫৪ ভোট, শিবলী সাদিক (কলসি) ১,১৯০ ভোট, মোজাম্মেল তালুকদার (আম) ১,০৬৫ ভোট, মো. আঃ করিম (মাইক) ১,০২১ ভোট এবং মো. ইকবাল হোসেন (টিউবওয়েল) ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা এখন নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নির্বাচন ঘিরে মিলনমেলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকুক। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতারা ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার ব্যবসার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

বাজারের চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান কিংবা কাপড়ের শোরুম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন। বিজয়ীরা যেমন আনন্দে ভাসছেন, তেমনি সাধারণ ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করছেন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হওয়ায়।

করটিয়া সাদত বাজারের এই নির্বাচন শুধু নেতৃত্ব বেছে নেওয়ার আয়োজন নয়; বরং এটি ছিল ব্যবসায়ী সমাজের ঐক্য, সহযোগিতা আর গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *