নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যানজট কমানো ও গণপরিবহণ ব্যবস্থা আরও সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস এই টার্মিনালে স্থানান্তর করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের চলমান নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন এবং যানজট নিরসনের লক্ষ্যে দ্রুততম সময়ে কাঁচপুরে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, দূরপাল্লার বাসগুলো রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে ঢাকার ভেতরে যানবাহনের চাপ কমবে। এতে যানজটও উল্লেখযোগ্য হারে কমতে পারে।
কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে গুলিস্তান বাস টার্মিনালটিও বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
তিনি জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজের মাধ্যমে কাঁচপুরের আধুনিক বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি বর্তমানে গড়ে ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই টার্মিনালের প্রাথমিক কাজ শেষ করে এটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।