মোঃ ইমরান মুন্সি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পাখির চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীর ভাঙনসহ স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাফিলা এলাকার মো. নাঈম শরীফ (২০), কাঁঠালিয়া উপজেলার মধ্য কৈখালী এলাকার মো. মিলন (২৯), বরগুনার তেতুলবাড়ীয়া এলাকার মো. নিজাম (৩৯), দক্ষিণ তেতুলবাড়ীয়া এলাকার মো. ইসমাইল (২৭) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হায়দার সিকদার (৩২)।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, বিষখালী নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী বা প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।