Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কাবাডি সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা, উপস্থিত ছিলেন জাইমা রহমান - দৈনিক স্বাধীন সংবাদ

কাবাডি সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা, উপস্থিত ছিলেন জাইমা রহমান

মোঃ আরাফাত হোসেন (বনি):

বাংলাদেশ-নেপাল নারী কাবাডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ১৭ জুলাই রাজধানীর পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের এই উদ্বোধনী ম্যাচে নেপালি নারী দলকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে চমৎকার পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

খেলার শুরু থেকেই কৌশলী আক্রমণ ও শক্তিশালী রক্ষণভাগের ওপর ভর করে প্রথমার্ধেই ১৪-১০ পয়েন্টের ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্বাগতিকদের নিয়মতান্ত্রিক খেলার সামনে তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

উদ্বোধনী এই ম্যাচটিতে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। ম্যাচের শুরুতে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্বে অংশ নেন। পরবর্তীতে তিনি গাম্ভীর্যপূর্ণ ভিআইপি বক্সে না বসে মাঠের পাশে দাঁড়িয়ে সাধারণ দর্শকদের মতোই পুরো ম্যাচটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে জাইমা রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ডেকে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে সেলফি ও ফটোসেশনে অংশ নেন। তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি ও আন্তরিকতা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

 

এর আগে সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান উপস্থিত ছিলেন। এছাড়াও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস. এম. নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাল-সবুজের মেয়েদের এই দাপুটে জয় আর গ্যালারির বাঁধভাঙা উল্লাস—সব মিলিয়ে জাতীয় কাবাডি স্টেডিয়াম রূপ নিয়েছিল এক টুকরো উৎসবে। প্রথম ম্যাচের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে স্বাগতিকরা পুরো সিরিজ নিজেদের করে নেবে, এমনটাই এখন কাবাডি সমর্থকদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *