কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে তারা যৌন নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে শিশুটির স্বজনরা তাকে খুঁজতে শুরু করলে অভিযুক্ত দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বুধবার রাতে শিশুটির মা থানায় মামলা করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার দুই কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *