নাছিমা খাতুন সুলতানা:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৯ নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শাহ্ গাজী ও কালু দরবার শরীফে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ মোবারক উপলক্ষে বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী এই ওরশ মোবারকের আয়োজন করা হয়। আরও জানা যায়, ১৯৯৮ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে শাহ্ গাজী ও কালু (রহঃ)-এর নামানুসারে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। দরবার শরীফের খাদেম শাহ্ জসীম উদ্দীন (বয়াতি)-এর নেতৃত্বে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবারের আয়োজনও জমজমাটভাবে সম্পন্ন হয়।
ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে শাহ্ গাজী ও কালু বাবার ভক্ত, আশেকান ও অনুসারীদের ব্যাপক সমাগম ঘটে। ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো দরবার প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শুরুতে মিল্লাত মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর ভক্তদের জন্য কাঙ্গালির পোড় খাবার বিতরণ করা হয়। ওরশ উপলক্ষে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা কাঠের পালং, শোভা, টং সামগ্রী, কসমেটিকসসহ নানা ধরনের পণ্যসামগ্রীর পসরা সাজান।
দিনের বেলায় গাজী ও কালু পালাগান এবং রাতে বাউল ও মুর্শিদি গানের আসর অনুষ্ঠিত হয়, যা আগত ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে শাহ্ গাজী ও কালু দরবার শরীফের বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়।