আব্দুল আজিজ-আল মাক্কী:
বাণিজ্য মেলা উদ্বোধন শেষে ফেরার পথে কেরানীহাটের সিএনজি অটোরিকশাচালকদের উদ্দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেরানীহাটের ‘সী ওয়ার্ল্ড’ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বাণিজ্য মেলা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, “গ্রামাঞ্চলের মা-বোনদের কেনাকাটার জন্য শহরে যাওয়া অনেক কষ্টকর। এলাকায় বাণিজ্য মেলা আয়োজনের ফলে সাধারণ মানুষ সহজেই ভালো ও উন্নতমানের জিনিসপত্র কেনাকাটার সুযোগ পায়।” এ সময় মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মেলার আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মেলায় যাতায়াত প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনা থাকবে বাসায় ও স্কুলে। বাণিজ্য মেলার কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার কোনো কারণ নেই।”
মেলা উদ্বোধন শেষে কেরানীহাট-বান্দরবান জেলা সড়ক দিয়ে পুরানগড় এলাকার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্বে কয়েকজন দুষ্কৃতকারীর ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধনে অংশ নেন সংসদ সদস্য।
সেখানে উপস্থিত সিএনজি চালকদের উদ্দেশে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “সিএনজি চালক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত কষ্ট করে পরিবারের আহার জোগান দেন। কষ্টার্জিত উপার্জনের বড় একটি অংশ গাড়ির মালিককে বুঝিয়ে দেওয়ার পর চালকদের কাছে খুব সামান্যই থাকে। এরপরও তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করা সম্পূর্ণ অন্যায়, অবিচার ও অনিয়ম।”
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “তারেক রহমানের সরকার মানবিক সরকার। এই সরকারের আমলে কোনো চাঁদাবাজ ও জুলুমবাজের ঠাঁই নেই। কেউ যদি চাঁদা চাইতে আসে, তবে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখবেন। আজ থেকে কোনো সিএনজি চালক ভাই কোনো প্রকার চাঁদা দেবেন না।”
নিজের সততার কথা উল্লেখ করে এমপি জসিম বলেন, “টাকাপয়সার প্রতি আমার কোনো লোভ-লালসা নেই; আমি এলাকাকে দিতে এসেছি, নিতে আসিনি। তাই আমার কাছে কোনো চাঁদাবাজের স্থান নেই, এমন কোনো লোককে আমার প্রয়োজনও নেই।”
ঘটনাস্থলে উপস্থিত সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এমপি। এ সময় সুনির্দিষ্ট কয়েকজন চাঁদাবাজের নাম উল্লেখ করে, যাঁরা চালকদের ওপর হামলা ও চাঁদাবাজি চালান, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
সংসদ সদস্যের নির্দেশনার পর সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চালকদের আশ্বস্ত করে বলেন, “যেকোনো ধরনের সমস্যায় আপনারা সরাসরি থানায় যোগাযোগ করবেন। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা চাঁদাবাজি সহ্য করা হবে না।”