কোর্টে চলমান জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, কলেজছাত্রসহ আহত ২

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের স্বল্প দুগিয়া গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কলেজছাত্রসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বল্প দুগিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. মোকশেদ আলীর মালিকানাধীন ২১ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. আলীম উদ্দিন ও মো. আব্দুল বারেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ মে দুপুর আনুমানিক ১টার দিকে মো. মোকশেদ আলীর ফসলি জমির ধান জোরপূর্বক কাটার চেষ্টা করেন আব্দুল বারেক ও তার সহযোগীরা। এ সময় জমির মালিকের ছেলে কলেজছাত্র মো. আবু খায়ের বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে মোকশেদ আলী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রতিপক্ষের পক্ষ থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গ্রাম্য সালিশে বিষয়টি নিয়ে আলোচনা হলেও আদালতের রায় না হওয়া পর্যন্ত কেউ যেন জমিতে না যায়—এমন সিদ্ধান্তে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই সাম্প্রতিক এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ঘটনার পর আহত কলেজছাত্রের বাবা মো. মোকশেদ আলী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আব্দুল বারেকসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *