বিনোদন ডেস্ক:
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়েও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছপা হননি ভারতীয় অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে মাত্র ১৫ মিনিট সময় নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজেদের সম্পর্ক ও বিয়ের অজানা গল্প তুলে ধরে এ কথা জানান অভিনেত্রী।
২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন হিনা খান ও রকি জয়সওয়াল। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল হিনার। অসুস্থতার কঠিন সময়ে রকি যেভাবে তাঁর পাশে ছিলেন, সে কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন অভিনেত্রী।
পডকাস্টে হিনা জানান, রকির সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ১৩ থেকে ১৪ বছরের। তবে বিয়ে নিয়ে আগে থেকে তাঁদের কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। শারীরিক অসুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একদিন তিনি রকিকে সরাসরি বলেন, চাইলে রকি নিজের জীবনে এগিয়ে যেতে পারেন এবং অন্য কাউকে বিয়ে করতে পারেন। আবার তাঁকে বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারেন। কারণ, আগামী দিনে কী ঘটবে, তা তিনি নিজেও জানেন না। এমন পরিস্থিতিতে তাঁদের বিয়ের সিদ্ধান্তটি আসে মাত্র ১৫ মিনিটের মধ্যে।
হিনা আরও জানান, বিয়ের পর তাঁদের সম্পর্কের সমীকরণে তেমন কোনো পরিবর্তন আসেনি। তাঁর মতে, বিয়ে তাঁদের সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করে না। বিয়ে হোক কিংবা না হোক, দুজনের মধ্যকার ভালোবাসা ও বোঝাপড়ার জায়গাটি একই থাকত।
এমনকি বিয়ের প্রথম বছর পূর্তির দিনটিও তাঁরা ভুলে গিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। পরিবারের সদস্য ও পরিচিতজনেরা শুভেচ্ছা জানাতে শুরু করার পরই তাঁদের বিবাহবার্ষিকীর কথা মনে পড়ে। পরে দুজন দুজনকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০২৪ সালে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন হিনা খান। এরপর থেকে চিকিৎসার পাশাপাশি সাহস ও দৃঢ়তার সঙ্গে রোগটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার মধ্যেও দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে তাঁর বিয়ের সিদ্ধান্ত ভক্তদের কাছে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।