মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ৩,৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল (খানপুর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কিটগুলো হস্তান্তর করা হয়।
কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ৩৭০০ টেস্ট কিটের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ও দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ পাবেন, যা চিকিৎসাসেবা আরও সহজতর করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “জনস্বার্থ ও মানুষের জীবন রক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। খানপুর হাসপাতালে এই কিট সরবরাহের ফলে দরিদ্র ও মধ্যবিত্ত রোগীরা দ্রুত রোগ শনাক্ত করে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারবেন।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের গণমুখী ও মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কিটগুলো আসায় হাসপাতালে আসা ডেঙ্গুর উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক সুবিধা হবে এবং দ্রুত সঠিক চিকিৎসা শুরু করা সম্ভব হবে।