খালি চেক ও স্ট্যাম্পে অতিরিক্ত টাকা বসিয়ে মামলা দায়েরের অভিযোগ সমীর মজুমদারের বিরুদ্ধে

কামরুল ইসলাম:

মাথা গোঁজার মতো নিজস্ব কোনো জমি নেই। দিনমজুরির ভিত্তিতে একটি সেলুনে কাজ করে চলে সংসার। অভাব-অনটনের মধ্যে ধার করা ৩ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ইতোমধ্যে ২ লাখ ১৩ হাজার টাকা পরিশোধও করেছেন। অথচ সেই ঋণের বিপরীতে এবার ২৪ লাখ ১০ হাজার টাকার মামলার আসামি হয়েছেন মনি রাজ কর্মকার নামে এক ভূমিহীন সেলুনকর্মী। ঋণ গ্রহণের সময় জামানত হিসেবে দেওয়া তিনটি স্বাক্ষরিত খালি চেক ও তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অতিরিক্ত টাকার অঙ্ক বসিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মনি রাজ কর্মকার চট্টগ্রামের চাঁদগাঁও থানার আওতাধীন বাঁশখালী পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তার অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে সমীর মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে দৈনিক ১ হাজার ৫০০ টাকা কিস্তিতে পরিশোধের শর্তে ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ নেন তিনি। ঋণ দেওয়ার সময় নিরাপত্তার কথা বলে সমীর মজুমদার তার কাছ থেকে তিনটি স্বাক্ষরিত খালি চেক ও তিনটি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে রাখেন।

মনি রাজের দাবি, ঋণ নেওয়ার পর থেকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধের চেষ্টা করেছেন। দিনরাত পরিশ্রম করে দৈনিক ১ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ১৩ হাজার টাকা পরিশোধও করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেলুনে কাজ কমে যাওয়ায় তার আয়-রোজগার কমে যায়। ফলে অবশিষ্ট টাকা নিয়মিত পরিশোধ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।

তার অভিযোগ, এ পরিস্থিতির সুযোগ নিয়ে সমীর মজুমদার ঋণ গ্রহণের সময় নেওয়া খালি চেক ও স্ট্যাম্পে ২৪ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অথচ তার নেওয়া ঋণের পরিমাণ ছিল মাত্র ৩ লাখ ৩০ হাজার টাকা। ঋণের বিপরীতে ইতোমধ্যে ২ লাখ ১৩ হাজার টাকা পরিশোধ করার পরও এত বড় অঙ্কের মামলায় জড়িয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।

ভুক্তভোগী মনি রাজ কর্মকার বলেন, ‘আমি একজন সামান্য সেলুনকর্মী। দিন এনে দিন খাই। নিজের বলতে এক শতক জমিও নেই। অভাবের কারণে ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। এর মধ্যে ২ লাখ ১৩ হাজার টাকা পরিশোধ করেছি। কিন্তু এখন কাজকর্ম কমে যাওয়ায় বাকি টাকা দিতে পারছি না। এ কারণে আমার খালি চেক ও স্ট্যাম্পে ২৪ লাখ ১০ হাজার টাকা বসিয়ে মামলা করা হয়েছে বলে আমি অভিযোগ করছি। একজন ভূমিহীন মানুষের পক্ষে এত টাকা লেনদেন করা তো দূরের কথা, এমন অঙ্কের অর্থের কথা চিন্তা করাও অসম্ভব। মামলা ও আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।’

তিনি আরও জানান, বর্তমানে মামলা ও আর্থিক চাপের কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ও মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন। সংসার চালানোর পাশাপাশি মামলার চাপ সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সমীর মজুমদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা মনে করছেন, ঋণ লেনদেনের ক্ষেত্রে স্বাক্ষরিত খালি চেক ও স্ট্যাম্প ব্যবহারের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে ঋণের প্রকৃত পরিমাণ, পরিশোধ করা অর্থের হিসাব এবং মামলায় উল্লেখ করা টাকার অঙ্কের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।

তাদের মতে, ঋণ লেনদেনকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন অসহায় ও নিম্ন আয়ের মানুষকে হয়রানি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, মনি রাজ কর্মকার তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তার দাবি, ঋণের প্রকৃত হিসাব ও ইতোমধ্যে পরিশোধ করা অর্থ বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *